মসজিদ মুসলিম সমাজের হৃৎপিণ্ড। এটিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সময়োপযোগী করা হচ্ছে। চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
গতকাল বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, সব অংশীজনের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটি একটি খসড়া নীতিমালা প্রস্তুত করেছে। দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের মতামতের ভিত্তিতে এটিকে চূড়ান্ত করা হবে। এ নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের সর্বোত্তম স্বার্থ সুরক্ষিত হবে।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম কর্মশালায় মসজিদ ব্যবস্থাপনা (সংশোধিত) নীতিমালা ২০২৫-এর খসড়া উপস্থাপন করেন। মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মবিষয়ক সচিব মো. কামাল উদ্দিন।
কর্মশালায় দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় আলেম-ওলামা অংশগ্রহণ করেন।
