ইয়াবা উদ্ধার মামলায় কার্ভাডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম

ইয়াবা উদ্ধার মামলায় কার্ভাডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা। একই রায়ে আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ রায় দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুল রহমান চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন— চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)। এর মধ্যে জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ ও আজিজুলের বাড়ি উখিয়া উপজেলায়। দণ্ডপ্রাপ্তরা গ্রেপ্তারের পর জামিন নিয়ে বর্তমানে পলাতক আছেন।

রায়ের পর আদালত তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।

আদালত সুত্র জানায়, ২০২১ সালের ৮ জুলাই রাতে করে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় চেকপোস্টে ৩৯ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন কাভার্ডচালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুল।

এ ঘটনায় র‌্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে নগরীর কর্ণফুলী থানায় মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত