জাহিদ হোসেন বললেন

জুলাই সনদে সই না করা রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:১২ এএম

জুলাই সনদে স্বাক্ষর না করলে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির নব নির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেছেন, ‘জুলাই সনদে সই করা বা না করা সম্পূর্ণভাবে রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। এনসিপি যদি পরে সই করতে চায়, করতে পারে। এতে তারা পুরোপুরি এটার বাইরে চলে যায়নি। হয়তো তাদের কিছু প্রত্যাশা বা দাবি পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘গতকাল ফেসবুকে দেখেছি, একটি দল জানিয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকবে না, তবে পরে আলোচনায় যোগ দেবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এতগুলো মানুষের আত্মত্যাগ ও অংশগ্রহণ, এটা নিয়ে শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। কে সই করছে, কে করছে না এবং কীভাবে এটি বাস্তবায়িত হবে তা দেখতে সারা দেশই অপেক্ষা করছে। রাষ্ট্র একবার সিদ্ধান্ত নিলে এর বাস্তবায়ন নিয়ে ভয় বা সন্দেহের কোনো জায়গা থাকে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত