ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০০

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত একশোর বেশি মানুষ আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে সরাইল উপজেলার বিকালবাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে টর্চলাইটের আলো ব্যবহার করে দুই পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের আগে পুকুরে গোসল করা নিয়ে সুলতানপাড়া ও ছোট দেওয়ানপাড়ার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সন্ধ্যার পর পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়।

সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন সুরুজ জানান, “সকালে আমরা দুই পক্ষকে বসিয়ে মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু সন্ধ্যায় আবার সংঘর্ষ শুরু হলে শতাধিক লোক আহত হয়।”

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো ধরনের সহিংসতা না ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত