গাজীপুরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাছা থানার ওসি মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কিশোরের নাম হাসন (১৬)। সে চাঁদপুর জেলা সদরের বিশ^নন্দী এলাকার কবির হোসেনের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা বোর্ড বাজার এলাকায় নিহতের লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকাল ৬টার দিকে গাজীপুর নগরীর গাছা থানাধীন
পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চোর সন্দেহে হাসনকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উত্তরা আরএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সে মারা যায়।
এদিকে কিশোর হাসনের লাশ গাজীপুরে বোর্ডবাজার এলাকায় এসে পৌঁছালে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় জনতা হাসন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে লাশ নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গাছা থানার পুলিশ ও বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থলে এসে স্বজন ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
