চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লিটন কুমার চৌধুরীকে ঘর থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সমন্বয়ক পরিচয় দেওয়া আসাদ নামে এক যুবক ও তার সহযোগিদের বিরুদ্ধে।
রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জানান, রাত ৯টার দিকে আসাদ ও তার কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র হাতে নিয়ে সীতাকুণ্ড কলেজ রোড এলাকার রেলগেইট সংলগ্ন ভবন থেকে তাকে তুলে প্রেমতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে রক্তাক্ত করে জখম করা হয়। এ সময় তার পকেটে থাকা ৪৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। পরে তারা তাকে মারতে মারতে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে যায় এবং পুলিশকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশ জানায় তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। পরে পুলিশের একটি টিম তাকে নিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ সময় খবর পেয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ নেতৃত্বে প্রেসক্লাব নেতারা হাসপাতালে তাকে দেখতে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফর করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সাংবাদিক লিটনের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। কয়েকজন যুবক তাকে রক্তাক্ত করে থানায় নিয়ে এসেছিলেন। এরপর ওই সাংবাদিককে পুলিশ দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
