নাহিদার বলে জ্যোতির অদ্ভুত স্টাম্পিং, হতভম্ব লঙ্কান ব্যাটার

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম

ক্রিকেটে কখনও কখনও এমন কিছু মুহূর্ত আসে যা বিশ্বাস করা কঠিন। আজ সেই রকমই এক দৃশ্যের জন্ম দিলেন বাংলাদেশের বোলার নাহিদা আক্তার—আর ভুক্তভোগী হলেন শ্রীলঙ্কার কবিশা দিলহারি।

ভারতের নাভি মুম্বাইয়ে নারী বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছিল শ্রীলঙ্কা। ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে নাহিদার স্লাইডার অফস্টাম্পের বাইরে পড়ল। দিলহারি দেরিতে কাট খেলতে চাইলেন, কিন্তু ব্যাটে লেগে বলটা সোজা গেল কিপার নিগার সুলতানার ডানদিকে। কিপার বল থামানোর চেষ্টা করতেই তা গ্লাভস ও প্যাডে লেগে গিয়ে লাগে স্টাম্পে—বেলস পড়ে গেল!

 

প্রথমে মনে হচ্ছিল, বলটা সরাসরি ব্যাটে লেগেছে—তবে টিভি আম্পায়ার চেক করতে বললেন। রিপ্লেতে দেখা গেল, সেই ক্ষণিক মুহূর্তে দিলহারির ব্যাট পপিং ক্রিজের ভেতরে থাকলেও পা এক ঝটকায় উপরে উঠে গিয়েছিল। আর ঠিক সেই সময়েই বেল জ্বলে ওঠে!

টিভি স্ক্রিনে "OUT" ভেসে উঠতেই বাংলাদেশ দলের উল্লাসে ফেটে পড়া। মাঠজুড়ে আনন্দধ্বনি, আর অন্যপ্রান্তে হতভম্ব শ্রীলঙ্কান ব্যাটাররা।

দিলহারি ফেরেন মাত্র ৬ বলে ৪ রান করে—নিগার সুলতানার স্টাম্পিংয়ে ও নাহিদা আক্তারের বোলিংয়ে। এক কথায়, ভাগ্যহীনতার এক বিরল নিদর্শন, কিন্তু বাংলাদেশের জন্য সেটি ছিল দারুণ এক মুহূর্ত।

সেটা ছিল শ্রীলঙ্কার চতুর্থ উইকেট। তখন রান ছিল ১০০। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত