একমঞ্চে ২৬ শিক্ষককে বিদায় সংবর্ধনা

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:১৪ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলায় একই মঞ্চে অবসরজনিত কারণে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের অডিটরিয়ামে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে ১২ জন প্রধান শিক্ষক ও ১৪ জন সহকারী শিক্ষককে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, নৈরপুকুরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা চৌধুরী, বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, বকচর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন লিটন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, একটি দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করেন। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত