জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ

আতিউরসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ এএম

জনতা ব্যাংকের ১ হাজার ১৩০ কোটি টাকার বেশি আত্মসাতের মামলার আসামি সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার এ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ গণমাধ্যমকে জানান, ঋণের নামে সুদাসলে জনতা ব্যাংকের ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত ও এননটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইউনূছ বাদলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত তিন আসামিকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে এননটেক্স গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স সুপ্রভ স্পিনিং মিলস লিমিটেডের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়।’ যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১ হাজার ১৩০ কোটি ১৮ লাখ ৮১ হাজার ২২৩ টাকা। এ পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত