হাটহাজারী 

অনুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের ওপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা 

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত অননুমোদিত বর্তমানে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ উপজেলা পরিষদ মার্কেটের ছাদে নতুন করে অপরিকল্পিত অনুমোদন বিহীন বিশাল ভবন তৈরি করা হচ্ছে। প্রায় ১৫/২০ দিন ধরে এ নির্মাণ কাজ চললেও যথাসময়ে যথাযথ কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সহযোগিতা করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

অনাঙ্ক্ষিত দুর্ঘটনায় জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি রোধে অননুমোদিত বর্তমানে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ এই উপজেলা পরিষদ মার্কেটটি জনস্বার্থে অবিলম্বে অপসারণ করতে এলাকাবাসীর পক্ষে বেশ কিছু সচেতন লোকজন সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বরাবরে আবেদন করেছেন।  

জানা যায়, হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পৌরসভা বাজারে ১ নং খাস খতিয়ানের বি. এস, ১৩৫৮৪ ও ১৩৫৮৫ দাগাদির সম্পত্তির উপর স্থিত অনুমোদিত ঝুঁকিপূর্ণ ও বর্তমানে জরাজীর্ণ উপজেলা পরিষদ মার্কেটটি ১৯৮৫ সালে তৎকালীন এক জনপ্রতিনিধি দায়িত্বশীল কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নির্মাণ করেন। মার্কেট নির্মাণের সময় কোন নিয়ম নীতি মানা হয়নি। ফলে মার্কেট এখন সীমাহীন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নিয়ম নীতি অনুসরণ না করে মার্কেট নির্মাণ করায় দীর্ঘ সময়ের ব্যবধানে মার্কেটটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মাঝে মধ্যেই মার্কেটের ছাদের আস্তরণও খসে পড়ছে। ফলে মার্কেটের ব্যবসায়ী, ক্রেতাগন এবং মার্কেটের চলাচল পথে লোকজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে। সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ এই মার্কেটের উপরি অংশে পুনরায় কে বা কারা আবারো পাকা স্থাপনা তৈরি করছে। এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশংকা প্রকাশ করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ভবনের উপরি অংশে ভবন নির্মাণ কাজ বন্ধে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাস্থলে গিয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় একটি সংগঠন ওই অনুমোদন বিহীন স্থাপনাটি তৈরি করছেন।

এ ব্যাপারে হাটহাজারী পৌরসভার প্রশাসক শরীফ উদ্দীন জানান, যেহেতু মার্কেটটি উপজেলা পরিষদের তাই নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বললে ভালো জানা যাবে এছাড়া যদি পৌরসভার কিছু করনিয় থাকে তা করবো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিন জানান, বিষয়টি জানার পর আমি খোঁজ নিয়েছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজটি বন্ধ রাখতে বলেছি। পরদিন  স্থাপনা তৈরির কাজ অব্যাহত থাকায় পুনরায় তিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দেখার জন্য আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম।

পরে হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি জানান, স্থাপনা নির্মাণকারীদের কে ইউএনও মহোদয়ের অফিসে আসতে বলেছি। তারা আসবেন বলে জানিয়েছেন। 

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদিউর রহিম জাদিদ সোমবার বিকালে গণমাধ্যমকে জানান, বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত