ময়মনসিংহ নগরের বড় কালীবাড়ি এলাকায় বন্ধুসংঘ শ্যামা পূজামণ্ডপে ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামুন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মামুন আহমেদ একই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ্যামাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭), মানিক সরকার (২৮) এবং তার স্ত্রী ভারতী সরকার (২৪)। ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পূজা কমিটির সভাপতি রতন পাল জানান, প্রতিবারই পূজার সময় মামুন তাদের কাছে চাঁদা চাইত। এবারও টাকা না দেওয়ায় তিনি সাধন সরকার, মানিক সরকার ও ভারতী সরকারকে ছুরিকাঘাত করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, মণ্ডপে গিয়ে মামুন একজনের কাছে চাঁদা দাবি করেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মানিক সরকারের গলায় ছুরিকাঘাত করেন মামুন। ভারতী এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। সাধন সরকারও তাদের রক্ষা করতে গিয়ে আহত হন।
