সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার মেয়ে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে শত্রুমর্দন বাঘেরকোনা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁদের ১০ বছর বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকা। মামুনের গ্রামের বাড়ি চাঁদপুরের দোয়ালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা পরিবার নিয়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে রওনা দেন। সকালে ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা মারা যান।
দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। একই সময় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি খাদে পড়ে ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের নিচে চাপা পড়া মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছেন।’
যুদ্ধবিরতির পরও গাজায় মানবিক বিপর্যয়, ক্ষুধায় বিপন্ন লাখো মানুষ
গাজায় গণহত্যা ইসরায়েলের একার নয়- আরব, যুক্তরাষ্ট্র ও ইউরোপও জড়িত