ট্রলি-অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রীসহ নিহত ২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্যালো মেশিনচালিত ইট বোঝাই ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোারকশার মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যের স্ত্রীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গাইবান্ধা নাকাইহাট ভায়া গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

নিহতরা হলেন উপজেলার বড়দহ গ্রামের পুলিশ সদস্য আতিকুর রহমানের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাটের কালাই উপজেলার সবদের আলী (৫০)। তারা দুইজনই অটোরিকশার যাত্রী।

স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নাকাইহাট যাচ্ছিল। পথে অটোরিকশাটি  বাজুনিয়াপাড়া এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায় এবং যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত