পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ভ্যাট কর্মকর্তা (সহকারী কমিশনার) জামিউল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট মালিক, কর্মচারী, ট্যুর অপারেটর, ট্যুর গাইড ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম সম্প্রতি কুয়াকাটার কয়েকটি হোটেল পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এতে ব্যবসায়ী সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বক্তারা আরও বলেন, কুয়াকাটা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন শিল্পের জন্য অশুভ সংকেত। অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,ওনার্স অ্যাসোসিয়েশনের
সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল-হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, টোয়াক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু এবং রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় এম এ মোতালেব শরীফ ঘোষণা দেন, ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে দ্রুত অপসারণ করা না হলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কুয়াকাটার সকল পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
