২-১ গোলে এগিয়ে গিয়েও হারলো বসুন্ধরা কিংস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

চ্যালেঞ্জ লিগে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের ক্লাব আল সিবের কাছে ৩-২ গোলে হেরেছে বসুন্ধরা কিংস। ম্যাচে একবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি মারিও গোমেজের শীষ্যরা।

ম্যাচে বল দখলে আধিপত্য দেখায় আল সিব। ৬৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। তবে গোলমুখে শট নেওয়ায় খুব একটা পিছিয়ে ছিল না বসুন্ধরা। আল সিবের ১১ শটের ৩টি লক্ষ্যে ছিল। বসুন্ধরার ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে।

কুয়েত সিটির জাবের আল মুবারাক আল সাবাহ স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় আল সিব। গোল করেন আল রাওয়াহি। গোলের ধাক্কা সামলানোর আগেই ১১ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বসুন্ধরার ডিফেন্ডার রিমন হোসেন।

৪১ মিনিটে সমতায় ফেরে বসুন্ধরা। বক্সে বল পেয়ে দারুণ গোল করেন রাফায়েল আগুস্তো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় বসুন্ধরা। ডরিয়েলটনের কাছ থেকে বল পেয়ে মাঠের ডান প্রন্ত দিয়ে একই এগিয়ে যান রাকিব হোসেন। বল পায়ে কোণাকোণিভাবে ঢুকে বক্সের বাইরে থেকে শটে গোল করেন রাকিব। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বসুন্ধরা।

৬০ মিনিটে আল আজমির অ্যাসিস্ট থেকে আব্দুল্লাহ আল আঘবারি গোল করে সমতা আনেন। গোল হজমের পর দুটি পরিবর্তন আনেন বসুন্ধরার আর্জেন্টাইন কোচ গোমেজ। তবে শেষ রক্ষা হয়নি। ৭৭ মিনিটে আব্দুল আল মুকবালি গোল করলে ৩-২ এ এগিয়ে যায় আল সিব। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ওমানের ক্লাবটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত