কুড়িগ্রামের রাজিবপুরে অভিযানে গিয়ে ৬ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের ম-লপাড়া এলাকায় সরকার উৎখাতের পরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে পোস্টার টানানোর খবর পায় পুলিশ।
পরে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর নেতৃত্বে কিছু দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ হুমায়ুন কবির ছক্কুকে আটক করলে, দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা করে ছক্কুকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ পুলিশের ছয় সদস্য আহত হন।
পরে পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলীকে (২৫) গ্রেপ্তার করে। তারা উত্তর চর সাজাই ম-লপাড়া এলাকার বাসিন্দা। রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
