মা ব্যস্ত রান্নায়, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। দেড় বছরের শিশুটি বাড়িতেই খেলা করছিল। কিন্তু মনের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় শিশুটি। রান্না শেষে মুনতাহার কথা মনে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে তার নিথর দেহটি ভাসতে দেখা যায়। তাকে তুলে এনে বাঁচানোর প্রাণপন চেষ্টা চালান প্রতিবেশীরা। ব্যর্থ হয়ে তাকে নিয়ে যাওয়া হয় নড়াইল জেলা হাসপাতালে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে। মুনতাহা বারইপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী  ইমরুল মোল্যার মেয়ে।

জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বাড়িতে খেলছিল মুনতাহা। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে মুনতাহাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে মুনতাহাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে তার পেট থেকে পানি বের করে বাঁচানোর চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা বলেন, হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত