না.গঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:২১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীর ‘এমএস ডাইং’ ও ‘ফেয়ার অ্যাপারেলস’ নামের দুটি কারখানার মাঝখানে আরএমএস (গ্যাস চেম্বার রুমে) বিস্ফোরণ হয়েছে। এতে গ্যাসের কাজে নিয়োজিত ছয় শ্রমিক দগ্ধ হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, এমএস ডাইং ও ফেয়ার অ্যাপারেলস কারখানার গ্যাসের চেম্বার রুমের সংস্কার কাজ করছিল গ্যাস ঠিকাদারের মাধ্যমে। কিন্তু কাজ করার সময় গ্যাসের লাইন বন্ধ না করে গ্র্যান্ডিং মেশিন দিয়ে লোহার পাইপ কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গ্যাস চেম্বার রুম। এ সময় শ্রমিকরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে চেম্বার আর এস রুমের সামনে পাইপের ঝালাই দেওয়ার কাজ করা শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে। পরে কারখানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স ডেকে এনে দ্রুত তাদের ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ¦লে ওঠে। এতে তাদের ৬ জনের শরীর ঝলসে যায়।

দগ্ধদের সহকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২ জনের শ্বাসনালি পুড়ে গেছে, তারা আইসিইউতে রয়েছে। ফতুল্লার বিসিক শিল্পনগরী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল হালিম জানান, ডাইংয়ের গ্যাসের আরএমএস রুমে থাকা গ্যাসে স্পার্ক হয়ে বিস্ফোরণ ঘটে। দগ্ধদের মধ্যে পাঁচজন এমএস ডাইংয়ের এবং একজন ফেয়ার অ্যাপারেলস নামের পাশের আরেকটি কারখানার শ্রমিক। ফায়ার সার্ভিস ঘটনার বিস্তারিত তদন্ত করছে বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত