ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোটে হাসপাতালের আইসিইউতে ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হন ভারতের তারকা ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শনিবারের ম্যাচ চলাকালীন দুর্ঘটনার পর তাঁকে দ্রুত সিডনির হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে আউট করার সময়। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হার্শিত রানার বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে এসে অসাধারণ এক ক্যাচ ধরেন আইয়ার। তবে সেই ক্যাচ ধরতেই ঘটে বিপত্তি — মাটিতে পড়ে তিনি বাম পাঁজরের নিচে ভয়ংকরভাবে আঘাত পান। পড়ে যাওয়ার পর শ্রেয়াস আইয়ারের শরীরের গুরুত্বপূর্ণ সংকেত বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েন এবং ফিজিওর সহায়তায় মাঠ ছেড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ খবরে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আঘাতে শ্রেয়াসের প্লিহা ছিড়ে গেছে। যা থেকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। প্লিহা শরীরের রক্ত সঞ্চয় করে, পুরনো রক্তকণিকা ফিল্টার করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় শ্বেত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। স্প্লিন ছিঁড়ে গেলেএ রক্তক্ষরণে মানুষের মৃত্যু হতে পারে। 

ভারতীয় বোর্ড জানিয়েছে, শ্রেয়াস স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পরামর্শে বিসিসিআই মেডিকেল টিম তাঁর চিকিৎসা পর্যবেক্ষণ করছে। 

এই ইনজুরির কারণে দেশের মাটিতে ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রেয়াসের অনিশ্চিত হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত