দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল সোমবার থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। সেপ্টেম্বরের শুরু থেকে আল-কায়েদাসংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) দেশটিতে জ্বালানি আমদানিতে অবরোধ জারির ঘোষণা দেয়। এরপর থেকে মালিতে আমদানির চেষ্টা করা জ্বালানি ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। ইতিমধ্যে আমদানিকৃত তেল রাজধানীতে পরিবহনকালেও বাগড়া দিয়েছে গোষ্ঠীটি।
বিশ্লেষকরা বলছেন, মালির অর্থনীতিকে পঙ্গু করে সেনাবাহিনী সমর্থিত সরকারকে চাপে ফেলতে চাইছে সশস্ত্র গোষ্ঠীটি। পরিস্থিতি এতটাই বেগতিক যে, রাজধানী বামাকোর একাধিক জ্বালানি স্টেশন ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। গত শুক্রবার রুশ সরকার জানিয়েছিল, মালিতে দ্রুতই তারা ১ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ টন তেল ও কৃষিপণ্য সরবরাহ করবে।
