বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব বাছাইয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা, পর্যবেক্ষক ও ভোটারদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে কলেজ ছাত্রদলের ২ হাজার ৬৬৯ জন কর্মী ভোটার হিসেবে অংশ নেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুইটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাকিবুল ইসলাম জুবায়ের, অলিউল ইসলাম তামিম, সিরাজুল ইসলাম রাতুল, জাহিদুল ইসলাম ও মাকসুদুর রহমান।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমিদা আক্তার জুঁই, হাসিবুল ইসলাম শান্ত, জান্নাতুল নাঈম ও ওয়ালিদ বিন সালাউদ্দিন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটান। এছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরাও দলের এই ব্যতিক্রমী নির্বাচন প্রত্যক্ষ করতে ছুটে আসেন ক্যাম্পাসে।
নির্বাচন পর্যবেক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভির বলেন, “ছাত্র সংগঠনের নেতারা যেহেতু শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসেন, তাই আমরা চেয়েছি সাধারণ শিক্ষার্থীরা যেন নিজেরাই তাদের নেতৃত্ব বেছে নিতে পারেন। এজন্য আমরা তাদের যুক্ত করেছি এই প্রক্রিয়ায়। যদি ভবিষ্যতে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে আমাদের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, “গত চার দিনে প্রায় ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণে অত্যন্ত প্রাণবন্তভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”
