আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক চিঠি এসবি ও ডিএমপিকে পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন কমিশন সচিবালয় (নির্বাচন ভবন) এর সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কিছু দুষ্কৃতকারী নির্বাচন ভবনের ভাস্কর্যের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ ঘটায়।
ইসির চিঠিতে আরও বলা হয়, নির্বাচন ভবনের সামনে ও আশপাশে অফিস সময়ের পর ও ছুটির দিনগুলোতে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকায় অত্র ভবন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিধায় ওই ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করাসহ নির্বাচন ভবনের সামনে ও আশপাশে নিরাপত্তা টহল জোরদার করার ব্যবস্থা নেওয়া জরুরি বলে প্রতীয়মান হয়।
এই অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে ডিএমপিকে অনুরোধ জানায় ইসি।
