ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের (২৮ অক্টোবর) এ হামলায় অন্তত দুজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গাজার হামাস যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর পাল্টা অভিযান চালানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি নিরাপত্তা বৈঠক শেষে সেনাবাহিনীকে গাজায় ‘শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, হামাসের আগ্রাসনের জবাবে অবিলম্বে সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে একাধিক বোমা নিক্ষেপ করে। পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ করা হয় দেইর আল-বালাহ এলাকার পূর্বাঞ্চলে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে মঙ্গলবার সকালে তীব্র সংঘর্ষ হয়। পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, হামাসকে এর কঠিন মূল্য দিতে হবে, ইসরায়েল পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
চলমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
ছাত্রদলের শীর্ষ দুই পদধারী নিয়ে বিতর্ক
ড্যাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা