এশিয়া সফরের শেষ ধাপে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:১২ এএম

এশিয়া সফরের শেষ ধাপে আজ বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে তিনি সে দেশের প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য নিয়ে আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেছেন। 

টোকিও থেকে দক্ষিন কোরিয়ার বুসান শহরে নামার পর লাল গালিচায় অভ্যর্থনা পান ট্রাম্প। এরপর ঐতিহাসিক শহর গিয়ংজুতে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও ব্যবসায়িক নেতাদের সম্মেলনে বক্তব্য দেবেন।

আলোচনার মূল বিষয় হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে স্থবির থাকা বাণিজ্য চুক্তি।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে  এ বৈঠক নিয়ে বিশ্ববাজারে আশাবাদ দেখা দিয়েছে। 

এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। আমি মনে করি, এই বৈঠকের ফল যুক্তরাষ্ট্রের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি বিশ্বের জন্যও। তিনি আরও ইঙ্গিত দেন, চীন যদি ফেন্টানিল তৈরির কাঁচামালের রপ্তানি নিয়ন্ত্রণে রাজি হয়, তাহলে ওয়াশিংটন চীনা পণ্যের ওপর শুল্ক কমাতে পারে। 

তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উভয় পক্ষই সফরে বড় কোনো অগ্রগতির আশা করেনি। দুই মিত্রদেশ গত জুলাইয়ে প্রাথমিক এক চুক্তিতে সম্মত হয়। যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে তিনশ পঞ্চাশ বিলিয়ন ডলারের বিনিয়োগ করার অঙ্গীকার দেয় এবং এর বিনিময়ে অতিরিক্ত শুল্ক এড়ায়। কিন্তু সেই বিনিয়োগ কাঠামো নিয়ে আলোচনা এখনো অচলাবস্থায়।
 
ট্রাম্প দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়াসহ মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয়ে আরও বেশি অবদান রাখার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সিউল যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সংস্কারের দাবি তুলেছে, যাতে কারখানা নির্মাণের জন্য আরও শ্রমিক আনা সম্ভব হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই মোটর কোম্পানির ব্যাটারি কারখানায় অভিযানের পর এ ইস্যুটি নতুন করে আলোচনায় এসেছে।

লি জে মিয়ংয়ের দপ্তর জানিয়েছে, দুই নেতা বুধবারের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন, যেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পৃক্ততাও আলোচনার অংশ হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত