ভাণ্ডারিয়ায় পতিপক্ষের হামলায় আহত ৩

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছেলেকে দিয়ে গাছ থেকে সুপারি পাড়ানোর অপরাধে ছেলের বাবা ও চাচাদের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। 

ভাণ্ডারিয়া থানা বরাবরে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ২ নং নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড হেতালিয়া গ্রামের মো. রফিকুল জোমাদ্দারের ১১ বছর বয়সী ছেলে নুরুন্নবীকে দিয়ে একই এলাকার মাকসুদুর রহমানের ছেলে মো. সাকিরুল ইসলাম মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নগদ টাকার বিনিময়ে তাদের নিজেদের বাগানের সুপারি গাছ থেকে সুপারি পাড়ায়। এ ঘটনা রফিকুল জোমাদ্দার জানতে পেরে ক্ষিপ্ত হয়ে দুপুর ১২ টার দিকে সাকিরুলকে মারধর করে, মারধরের এ ঘটনা সাকিরুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে রফিকুল জমাদ্দার আরো ক্ষিপ্ত হয়ে একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের গাজী বাড়ি সংলগ্ন বাংলা বাজারের বাদির চায়ের দোকানের সামনে রফিকুল জোমাদ্দার (৩৭) নজরুল জোমাদ্দার (৪৮), শহিদুল জোমাদ্দার (৪৪), সাইদুল জোমাদ্দার (৪২) সহ অজ্ঞাত লোকজন সঙ্গে নিয়ে এসে চাপাতি, চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাকসুদুর রহমানের ছেলে মো. সাকিরুল ইসলাম (১৮), মৃত আনসার আলীর ছেলে মাহবুবুর রহমান (২০), কামরুজ্জামান তালুকদারের ছেলে সিফাতউল্লাহ (১৭) কে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার উপর ফেলে রেখে যায়। পরে নিকট আত্মীয় ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মাকসুদুর রহমান বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ প্রসঙ্গে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে সুপারি পাড়াকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি, এ বিষয়ে পরবর্তীতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত