অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ভয়াবহ দুর্ঘটনায় জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন এক কিশোর ক্রিকেটার। মঙ্গলবার বিকেলে ফার্নট্রি গালির ওয়ালি টিউ রিজার্ভ মাঠে নেটে অনুশীলনের সময় বলের আঘাতে ঘাড়ে গুরুতর আঘাত পান ১৭ বছর বয়সী এই খেলোয়াড়।
ঘটনার পরপরই উপস্থিত কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তারা ছুটে যান তাঁর কাছে। একজন দ্রুত দৌড়ে ডিফিব্রিলেটর আনেন, আর পাঁচ-ছয় মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। তাঁকে মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।
কিশোরটির বাবা-মা, দুই ভাই এবং অন্যান্য স্বজনরা হাসপাতালে তাঁর পাশে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর মাঠজুড়ে এক ভয়াবহ নীরবতা নেমে আসে। “প্রথমে মনে হয়েছিল মাথায় বল লেগেছে, কিন্তু যখন ডিফিব্রিলেটর আনার কথা শোনা গেল, তখনই সবাই বুঝে যায় ঘটনাটা ভয়াবহ,” বলেন এক প্রত্যক্ষদর্শী।
এই তরুণ শুধু ক্রিকেটেই নয়, স্থানীয় ফুটবল লিগেও ছিলেন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। বয়সভিত্তিক ক্রিকেটে তিনি ফার্নট্রি গালি অ্যাসোসিয়েশনের হয়ে নিয়মিত প্রতিনিধিত্ব করেছেন। ক্লাবের ভাষায়, তিনি “অসাধারণ নেতা এবং অসাধারণ তরুণ।”
২০১৪ সালে ফিলিপ হিউজের মৃত্যুর পর এমন ঘটনা আবারও অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক মর্মান্তিক স্মৃতি ফিরিয়ে এনেছে। বুধবার বিকেলে ওয়ালি টিউ রিজার্ভ মাঠের নেটের পাশে ফুল রেখে স্থানীয়রা আহত কিশোরের সুস্থতা কামনা করেন।
এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পুরস্কার হাতে পেলো ঋতুপর্ণা-আফঈদারা