আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল টিমের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর কপার চিমনী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ)-এর নির্বাহী সদস্য জসীম আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আহমেদ আশফাকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. এস এম ইশতিয়াক উর রহমান।
সভাপতির বক্তব্যে আহমেদ আশফাকুর রহমান খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘খেলোয়াড়ী মনোভাব ও দলীয় চেতনা নিয়েই ব্রাদার্স ইউনিয়নকে এগিয়ে যেতে হবে।’
প্রধান অতিথি জসীম আহমেদ খেলোয়াড়দের মান ধরে রাখতে ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে কোচ এবং কমিটির প্রতি আহ্বান জানান।
আহমেদ আশফাকুর রহমান বর্তমানে ইম্পেরিয়াল এলাইড কেমিক্যালস লিমিটেড এবং আর আর ইম্পেরিয়াল ইলেক্ট্রিক্যালস লিমিটেড-এর পরিচালক হিসেবে দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তিনি জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি এবং রোটারি ক্লাবের সভাপতি হিসেবে তরুণ নেতৃত্ব বিকাশ ও মানবকল্যাণে বিশেষ অবদান রেখেছেন।
দলের কোচ নাজিম উদ্দিন নাজু, সহকারী কোচ শওকত খান, এবং টিম ম্যানেজার মো. ইফতিয়ার উদ্দিন সুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন মৌসুমে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম আগের চেয়ে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল হিসেবে মাঠে ফিরে আসবে।
