ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না। গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সব অফিসার ও ফোর্সের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। ২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি।’ বেআইনি সমাবেশ মোকাবিলায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয় বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এ রকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।’
গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সমুদয় ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যতœ নেওয়ার অনুরোধ করেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) বলেন, থানায় আগত সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে থানার ডিউটি অফিসারের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার সুফল সবাই পাচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘অনেক থানা, ফাঁড়ি ও কোর্টের মালখানার জরাজীর্ণ অবস্থা। এগুলো মেরামত করে বসবাস উপযোগী করা হচ্ছে। সামনের নির্বাচন উপলক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। এ সময় আমার সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
