ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাইরে থাকা বিদ্যুতের লাইনের স্পর্শে রুমে থাকা মহিলা মাদ্রাসার সাতজন শিক্ষার্থী ও একজন আয়া অসুস্থ হয়েছেন। অসুস্থ আটজনের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত বুধবার বিকেল ৫টায় পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের নুসরাত (১১), জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের উম্মে তাইসান (৫) এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার আলেয়া।
দারুন নাজাত মহিলা মাদ্রাসার পক্ষের ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মাদ্রাসার চারতলা থেকে বাইরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের ওপর। সেখানের দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড়টিকে জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিল। লম্বা পাইপটি কাপড়ে লাগার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারের শক মহিলার গায়ে লাগে। তখন বিদ্যুতের তারে থাকা আগুন বাষ্পীয় হয়ে রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। আহত শিক্ষার্থীদের সদর হাসপাতালের নেওয়া হয়েছে।
তিনি বলেন, ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনের পরিবারের লোকজন জানিয়েছে তাদের তেমন বড় কোনো সমস্যা হচ্ছে না। এজন্য এখানেই চিকিৎসা করাবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে ছয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
