বিজিএমইএর সঙ্গে এনপিওর চুক্তি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২৯ এএম

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা, প্রযুক্তিগত উৎকর্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি এনপিও কার্যালয়ে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিজিএমইএ পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম এবং এনপিও সভাপতি মো. নুরুল আলম। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সমঝোতা স্মারক অনুযায়ী, পোশাক শিল্পকে ইন্ডাস্ট্রি চতুর্থ প্রজন্মের উপযোগী করে তুলতে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও পরামর্শ সেবা পরিচালনা করবে বিজিএমইএ ও এনপিও। পাশাপাশি, উৎপাদনশীলতা ও অপারেশনাল উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফাইভ-জি, কাইজেন এবং লিন ম্যানুফ্যাকচারিংয়ের মতো আধুনিক পদ্ধতি প্রয়োগে গুরুত্ব দেওয়া হবে।

চুক্তির অংশ হিসেবে প্রতিবছর তিনটি তৈরি পোশাক কারখানাকে ‘মডেল এন্টারপ্রাইজ’ হিসেবে বাছাই করা হবে এবং এনপিওর কারিগরি সহায়তায় এসব কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধির পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ছাড়া উভয় সংস্থা এশিয়ান প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এপিও) সহায়তায় গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগেও একসঙ্গে কাজ করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ প্রতিনিধি বলেন, বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং সাপ্লাই চেইনের নতুন বাস্তবতায় ইন্ডাস্ট্রি চতুর্থ প্রজন্ম গ্রহণ এখন সময়ের দাবি। শুধু কম খরচের ওপর নির্ভর না করে, এখন প্রয়োজন গুণগত মান, দক্ষতা, গতি ও উদ্ভাবনের সমন্বয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত