সংস্কারের বিরুদ্ধে ভ্রান্তি ছড়ানো চলবে না: হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১১:১৭ এএম

এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের স্বাধীনতা ও সংগ্রামের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “জুলাই সনদ যখন ব্যর্থতার দিকে এগোচ্ছিল, আমরা সনদে স্বাক্ষর দিইনি।”

হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার লাকসাম বাইপাসে আয়োজিত এক পথসভায় বলেন, “নাসির ভাই বলেছেন, যদি সংসার না করো, তবে কবুল কেন বললে? যেহেতু কবুল করেছেন, সংসারও করতে হবে। সংসার না করলে জনগণের সামনে স্বীকার করতে হবে, আমরা সংসারের জন্য প্রস্তুত নই। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না।”

তিনি আরও অভিযোগ করেন, “পুলিশকে আবারও জনগণের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। আগস্টের পর পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে, কিন্তু তা এখনও কার্যকর হয়নি। সচিবালয়ে ডিসি, এসপি ভাগাভাগি চলছে। এই ধরনের রুটি ভাগাভাগি নিয়ে কেউ যদি নির্বাচনের দিকে যায়, আমরা জনগণকে নিয়ে শক্ত হাতে প্রতিহত করব। পূর্ববর্তী নির্বাচনে যারা রেফারির ভূমিকায় ছিলেন—ডিসি, এসপি, ইউএনও, এসআই—পরবর্তীতে খেলোয়াড় হয়ে গেছেন। ভবিষ্যতে যেন এমন না হয়।”

হাসনাত বলেন, “আজ যারা ব্যালট, ভোট ও সংস্কারের বিরোধিতা করছে, তাদের চিহ্নিত করতে হবে। আগামীকাল তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।”

তিনি দেশের সমতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গোপালগঞ্জ বা বগুড়ার কেউ বিশেষ সুবিধা পাবে না এবং কুমিল্লার নামে কারো সঙ্গে অন্যায় হবে না। সব জেলার মানুষ সমান সুযোগ পাবে।”

এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদ পথসভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত