২১ দাবি না মানলে লংমার্চ টু যমুনার ঘোষণা রংপুর সাংবাদিকদের

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাসহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে লং মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা। শনিবার (০১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায়  ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। এসব দাবি মানা না হলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। এতে রংপুরের সাংবাদিকরা অংশ নেবেন। 

এ সময় সমাবেশে সংহতি প্রকাশ করেন রংপুর বিভাগের শ্রমিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সাবেক আহ্বায়ক ইমরান হোসেন,  রেড জুলাইয়ের জেলা কমিটির সভাপতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শেখ রেজওয়ান প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইল ও মাল্টিমিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত