ট্রাম্প প্রশাসনকে খাদ্যসহায়তা দেওয়ার নির্দেশ আদালতের

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:১০ এএম

যুক্তরাষ্ট্রে শাটডাউনের মধ্যেও খাদ্যসহায়তা দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। এর ফলে চার কোটিরও বেশি মানুষের জন্য খাদ্যসহায়তা কর্মসূচির জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে ট্রাম্প প্রশাসনকে। গতকাল শনিবার বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানায়। বাজেট নিয়ে অচলাবস্থার জেরে ৬ বছর পর শাটডাউনের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। সরকারি তহবিলের মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট বাজেটের অস্থায়ী বিল পাসে ব্যর্থ হওয়ায় গত ১ অক্টোবর থেকে অধিকাংশ সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিছু অঙ্গরাজ্য ঘাটতি পূরণে নিজস্ব তহবিল থেকে অর্থ প্রদানের আশ্বাস দিয়েছে, তবে সেগুলো আর ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করেছে ফেডারেল সরকার।

তহবিল বন্ধ থাকায় বহু সরকারি সংস্থা কার্যত স্থবির। বড় ধরনের প্রভাব পড়েছে ভ্রমণ, শিক্ষা, বিজ্ঞান ও প্রতিরক্ষা কার্যক্রমে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষ। চলতি সপ্তাহে দেশটির কৃষি বিভাগ জানায়, তহবিলের অভাবে নভেম্বর মাসে খাদ্যসহায়তা বিতরণ করতে পারবে না তারা। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ডেমোক্রেট সিনেট নেতা চাক শুমার। চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো এমন হয়নি। ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান যে প্রেসিডেন্টই হোক কারও আমলেই শাটডাউনের অজুহাতে ¯œ্যাপ তহবিল বন্ধ হয়নি। এমনকি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও নয়।

¯œ্যাপের সুবিধাভোগীরা ডেবিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পান, যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে পারেন। চার সদস্যের একটি পরিবারের জন্য প্রতি মাসে গড়ে এই সহায়তার পরিমাণ প্রায় ৭১৫ ডলার। চাক শুমারের সমালোচনার পর ট্রাম্প প্রশাসনের নামে নতুন নির্দেশ জারি করে রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের আদালত। নির্দেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে শাটডাউনের অজুহাতে স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা স্থগিত করা যাবে না। এর ফলে চার কোটিরও বেশি মানুষের জন্য খাদ্যসহায়তা কর্মসূচির জরুরি তহবিল থেকে অর্থ প্রদান করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত