উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রহীতাদের সম্মাননা কৃষি ব্যাংকের

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম

সফল কৃষি উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রহীতাদের সম্মাননা দিল বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) খুলনা বিভাগীয় কার্যালয়। এ উপলক্ষে সম্প্রতি ‘তারুণ্যের উৎসব-২০২৫’ গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি। অনুষ্ঠানে খুলনা বিভাগের তিনজন সফল কৃষি উদ্যোক্তা; ২০২৪-২৫ অর্থবছরে ব্যক্তিপর্যায়ে তিনজন সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা এবং তিনজন সর্বোচ্চ আমানতকারীকে পুরস্কৃত করা হয়।

সম্মাননা পেয়েছেন শিবুপদ বর্মণ; এইচএম সিদ্দিকুর রহমান, মো. আব্বাস, মো.আলী তারেক, কাজী শাহীনুজ্জামান, রায়হান কবীর, মাহমুদ হাসান, ফারজানা মফিজ ও বাবুল হোসেন। তাদের হাতে এ সম্মাননা তুলে দেন কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. আবু হাশেম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা। এ সময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন কৃষি ব্যাংকের কর্মকর্তারা।

এর মাধ্যমে গ্রাহকসেবায় কৃষি উদ্যোক্তা, রেমিট্যান্স গ্রহণকারী ও আমানতকারীদের অনুপ্রাণিত করবে। কৃষি ব্যাংকের সহযোগিতায় তারা কৃষি খাতকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেবেন বলে আশা করেন অতিথিরা।

বক্তব্যে মহাব্যবস্থাপক বলেন, ‘দেশের কৃষির সাফল্যের অন্যতম কারিগর দেশের কৃষক, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে কৃষি ব্যাংক। এ সম্মাননা কৃষি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ সম্মাননা কৃষকসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদের সম্মানিত করেছি।’

কৃষকদের ঝামেলাহীনভাবে সহজে ঋণ দিতে সব শাখাকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিকেবি। সেই সঙ্গে তিনি এই কৃষি উদ্যোক্তা, প্রবাসী আয় গ্রহণকারী ও আমানতকারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা এক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত