ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নেতৃত্ব, শিক্ষকদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্র্তৃক বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) ‘প্রকল্প ও ব্রিটিশ কাউন্সিল এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত বারোনেস রোজি উইন্টারটনের উদ্যোগে যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান।

এই অংশীদারত্ব চুক্তির আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে হিট প্রকল্পকে সহায়তা করবে। এই সহযোগিতা বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা খাতের বৈশ্বিক মানের সঙ্গে সংযোগ বাড়াতে এবং একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. ফায়েজ বলেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারত্ব চুক্তি বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় একটি সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ। তিনি আরও বলেন, আমরা বিশ^ব্যাংক এবং যুক্তরাজ্যের অ্যাডভান্স হায়ার এডুকেশনের সঙ্গে মিলে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ সাধন এবং প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির জন্য বিনিয়োগ করছি, যা বৈশ্বিকভাবে সংযুক্ত উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ইউজিসির সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের উন্নয়নে আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত