বিশ্ব নগর দিবস-২০২৫ উপলক্ষে সিরাক-বাংলাদেশ ও ময়মনসিংহ নগর যুব কাউন্সিলের যৌথ উদ্যোগে, এসএইচআইএফটি প্রকল্পের আওতায় ‘শিশুর চোখে নগর’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘নগর আমাদের বাসস্থান, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে নগরের শিশুরা তাদের চোখে দেখা স্বপ্নের শহরকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ছবিতে ফুটে উঠেছে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক নগর জীবনের চিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সেলিম মিয়া, উপপরিচালক, সিরাক-বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম আরিফুল ইসলাম, প্রধান ভা-ার ও ক্রয় কর্মকর্তা, ময়মনসিংহ সিটি করপোরেশন। বিশেষ অতিথি ছিলেন লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ময়মনসিংহ জেলা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের ময়মনসিংহ প্রতিনিধি মো. মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন, ময়মনসিংহ নগর যুব কাউন্সিলররা এবং সিরাক-বাংলাদেশের প্রতিনিধি মো. কামরান মিয়া ও মো. এনামুল হক। প্রতিযোগিতার বিচারকম-লীর সিদ্ধান্তে পাঁচজন সৃজনশীল শিশু বিজয়ী হিসেবে নির্বাচিত হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সিরাক-বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণমূলক নেতৃত্ব, নগর উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, শিশুদের চোখে তারা যে নগর দেখেছে, তা বাস্তবে রূপান্তরিত করার পথে সবাইকে অনুপ্রাণিত করবে।
