রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘অনানুষ্ঠানিক’ সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব। এ সময় নির্বাচিত নেতাদের সঙ্গে উপাচার্যের প্রাথমিক পরিচয়, রাকসুর গঠনতন্ত্র, ফান্ড এবং বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্র নেতারা। এ ছাড়া আজকের সভা থেকে আগামী ৪ নভেম্বর রাকসুর ‘আনুষ্ঠানিক’ অধিবেশনের সময় নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে এ আলোচনা শুরু হয়। আলোচনা চলে দুপুর ২টা পর্যন্ত। তবে আলোচনা সভায় নারীবিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা ও ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক নার্গিস খাতুন উপস্থিত ছিলেন না।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত এক সদস্য জানান, আজকের আলোচনা সভায় বিগত সময়ে রাকসুর ফান্ডে কত টাকা জমা পড়েছে এবং বর্তমানে কত টাকা আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে প্রশাসন থেকে জানানো হয়েছে রাকসুর ফান্ড থেকে বিগত সময়ে কিছু টাকা বিভিন্ন সময়ে খরচ হয়েছে।
