রাজবাড়ীতে সড়কের ডিভাইডারে মোটরসাইকেলের ধাক্কায় রিয়াদ আলী শেখ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। এতে রওনক নামে আরেকজন আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ আলী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক খানখানাপুর ইউনিয়নের রঞ্জিতের ছেলে।
নিহতের মামাতো ভাই জাকির হোসেন বলেন, রিয়াদ শহরের শ্রীপুর বাজারের একটি বেকারি কারখানায় কাজ করতেন। সকালে বেকারিতে আসার পর মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাওয়ার সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে আসলে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের আনার পর সে মারা যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরুল ইসলাম বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। একজন এখানে আনার পরপরই মারা যায়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মোটরসাইকেলের গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এদের কারও মাথায় কোন হেলমেট ছিল না। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা পুলিশের মুখোমুখি
জমি ও রাস্তার বিরোধে প্রতিপক্ষের কলাবাগান কেটে সাফ