নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

পাবনা জেলায় নামাজরত অবস্থায় বাবা নিজাম প্রামাণিককে (৬০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিকের বিরুদ্ধে। রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়। তাকে আটক করতে গিয়ে সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই) আহত হন। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।

নিজাম ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। মোস্তফাও বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিজাম প্রামাণিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এরপর রাতের খাবার শেষে তিনি এশার নামাজে দাঁড়িয়েছিলেন। এ সময় আগে থেকে ঘরে ওঁৎপেতে থাকা মোস্তফা ধারালো হাসুয়া দিয়ে বাবাকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়ে যান। 

মোস্তফা এরপর পাশের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকেন। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিজাম প্রামাণিকের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলে মোস্তফাকে আটক করে।  

এদিকে মোস্তফাকে‎ আটকের সময় তার ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত