চবি শিক্ষার্থী মামুনের মাথার খুলির সফল প্রতিস্থাপন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। গত শনিবার চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতাল পার্কভিউ হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির অংশটি প্রতিস্থাপন করা হয়। একই ঘটনায় গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদের অবস্থাও ভালো বলে জানা গেছে।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল। প্রায় দুই মাস পর ওই খুলি প্রতিস্থাপন করা হলো।

পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম জানান, চবিতে সংঘর্ষের ঘটনায় পার্কভিউ হসপিটালে চিকিৎসা নেওয়া মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষে গুরুতর আহত হন মামুন মিয়া। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ওই রাতেই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। একই হাসপাতালে চবির আন্তর্জাতিক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমও (২৪) সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। শিক্ষার্থী ও পার্শ্ববর্তী গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘাতে মামুনের মতো গুরুতর আহত হন সায়েমও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত