বাঁশখালীর বাহারছড়ায় পারিবারিক বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ৫

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জাকের হোসেন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মদিনা ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহত অবস্থায় জাকের হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেলে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন—জাকের হোসেনের স্ত্রী পারভীন আক্তার (৫৫), মেয়ে সুলতানা আক্তার (২৫), এবং অপর পক্ষের নুরুল আক্তার (৭০) ও তার ছেলে ফয়েজ (৩০)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, সকালে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত জাকের হোসেনকে বাঁশখালীতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেক হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম সিকদার জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত পোস্টমর্টেমের প্রস্তুতি চলছিল। তিনি বলেন, “পোস্টমর্টেম শেষ হলে রাতেই মরদেহ এলাকায় আনা হতে পারে।”

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “বাহারছড়ার ইলশায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি থাকা জাকের হোসেন মারা গেছেন। মরদেহ পোস্টমর্টেমের প্রক্রিয়াধীন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত