যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিউ ইয়র্ক মেয়র নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। কেননা নিউ ইয়র্ক বলা হয় বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র। ফলে স্বভাবতই নিউ ইয়র্ক নগরীর মেয়র নির্বাচনকে নিয়ে জনমনে তুমুল আগ্রহ। গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে রাত ৯টা পর্যন্ত নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে বিস্ময়ের জন্ম দিয়ে সবার থেকে এগিয়ে আছেন মুসলিম, আফ্রো-এশীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। বিজয়ী হলে বিখ্যাত ভারতীয় চিত্রনির্মাতা মিরা নায়ারের সন্তান জোহরান মামদানিই হবেন দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষদের পরাস্ত করার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুনজরে আছেন জোহরান মামদানি। নির্বাচনের আগেও মামদানিকে নিয়ে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, কমিউনিস্ট মামদানিকে জেতালে পস্তাতে হবে নিউ ইয়র্কবাসীকে।
জোহরান মামদানির ভক্তদের মন বিষিয়ে তুলতে ট্রাম্প বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, যদিও এটা ট্রাম্পের নির্বাচন নয়, তবুও আদাজল খেয়ে জোহরান মামদানিকে হারানোর চেষ্টা চালাচ্ছেন তিনি। সেই সঙ্গে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে অ্যান্ড্রু কুমোর পক্ষে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি ভোটারদের বামপন্থী প্রার্থী জোহারান মামদানি নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কিন্তু আর কোনো বিকল্প নেই। আপনাকে তাকেই ভোট দিতে হবে এবং আশা করতে হবে সে দুর্দান্ত কাজ করবে। তিনি সক্ষম, মামদানি নয়। তিনি আরও বলেন আমি কুমোর প্রতি বিশেষ আগ্রহী নই, তবে যদি খারাপ ডেমোক্র্যাট এবং একটি কমিউনিস্টের মধ্যে নির্বাচন করতে হয়, আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকে বেছে নেব।
যদিও দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক এবং আগে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিউ ইয়র্কের গভর্নর কুমো ট্রাম্পের সমর্থনকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি বলেন, ট্রাম্প আমাকে সমর্থন করছেন না। তিনি শুধু মামদানির বিরোধিতা করছেন। ট্রাম্প জানিয়েছেন যদি মামদানি নির্বাচিত হন, তিনি নিউ ইয়র্কে অতিরিক্ত ফেডারেল তহবিল পাঠাতে অনিচ্ছুক, কেবল প্রয়োজনীয় সর্বনিম্ন অর্থ পাঠাবেন। রবিবারের এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট হিসেবে উল্লেখ করে বলেন কমিউনিস্ট যদি নিউ ইয়র্ক চালায়, আপনি যে অর্থ পাঠাচ্ছেন তা কেবল নষ্ট হবে। তিনি আরও বলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কে কেবল প্রয়োজনীয় সর্বনিম্ন ফেডারেল তহবিল পাঠানো হবে। চলতি অর্থবছরে নিউ ইয়র্ক সিটি ৭ দশমিক ৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পেয়েছে।
অন্যদিকে, জোহারান মামদানি ট্রাম্পের এই পদক্ষেপকে ‘হুমকি’ হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসন প্রায়শই ডেমোক্র্যাটিক শাসিত অঞ্চলগুলোর ফেডারেল তহবিল আটকে দেওয়ার চেষ্টা করেছে। মামদানি বলেন ম্যাগা আন্দোলনে ট্রাম্প আর অ্যান্ড্রু কুমোর আলিঙ্গন স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে, নিউ ইয়র্ক সিটির জন্য নয়, নিউ ইয়র্কারদের জন্য নয়, শুধুমাত্র ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য তিনিই (কুমো) সবচেয়ে সুবিধাজনক মেয়র। মতামত জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী মামদানি কুমোর চেয়ে এগিয়ে আছেন। কুমো ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এই প্রতিযোগিতায় বেশ পিছিয়ে। ট্রাম্প, যিনি নিজেও রিপাবলিকান, সিøওয়াকে সমর্থন না দিয়ে লিখেছেন, কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া।
