৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারা দেশে প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ পুলিশ। এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য জানিয়েছেন।

শাহাদাত হোসাইন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্রে নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে। নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি ও সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত টহল চালাবে পুলিশ। পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড় তদারকির মাধ্যমে পরিচালনার জন্য পুলিশের সব ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন আইজিপি।

পুলিশ সদর দপ্তর থেকে প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে মনিটর করা হচ্ছে। গত রবিবার আইজিপি মাঠপর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে রাজশাহী ও বগুড়ায় সফর করেছেন। তিনি নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের এই ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত