টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শওকত কামাল খান (৬৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কোকড়হরা ইউনিয়নের পাছ-চারান গ্রামের উত্তর পাড়ার মৃত ওয়াজেদ আলী খানের ছেলে শওকত কামাল খানের লাশ তার নিজ বাড়ির পেছনের বাগান থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মাঝেমধ্যে এলাকায় এসে বাড়িঘর ও আবাদি জমি দেখাশোনা করতেন।
নিহত শওকত কামাল খানের বোন জামাই ছবুর বলেন, দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকায় বসবাস করেন। মাসে দুই-একবার তিনি নিজ গ্রামের বাড়িতে বেড়াতে আসতেন এবং আবাদি জমি দেখাশোনা করেন। গ্রামে আসার পর তিনি সাধারণত পরিত্যক্ত পুরনো বাড়িতেই একা থাকতেন। তাকে দেখাশোনার জন্য একজন লোক রাখা আছে। কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বনানী এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে পুরনো রাস্তার ধারে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, বাগেরহাটে সাদিয়া আক্তার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহতের স্বামী পারভেজ শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে সাদিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সাদিয়া আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। সাদিয়া পুলিশ লাইনসের সামনের একটি পুতুল তৈরির কারাখানার শ্রমিক ছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি মাহামুদ-উল-হাসান বলেন, গত মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। অন্তত তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তাকে শারীরিক নির্যাতনের পর শ^াসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
