জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা রয়েছে, তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে তাদের দল। তবে জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
গতকাল বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বা আহত হয়েছেন, তাদের সব দলে সহমর্মিতা থাকতে হবে।’ এর আগে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।
নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন সালাউদ্দিন। গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সালাউদ্দিনও। ওই বছরের ১৯ জুলাই তিনিও গুলিবিদ্ধ হন। পরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরদিন তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এক চোখের দৃষ্টি আর ফিরে পাননি। চলতি বছরের ২৬ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
