ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, গাজী বোরহান উদ্দিন নামের ওই ব্যক্তি অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন গাজী বোরহান উদ্দিন। মামলার আসামি হলেও তিনি ছিলেন অনেক প্রকাশ্যেই। গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে এলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ লোক। তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজী বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানার উদ্দেশে রওনা হলে তাদের ওপর হামলা করে বোরহানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হচ্ছে।
