চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে রোমাঞ্চকর ৩-৩ ড্র ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর নিজের ইনজুরি নিয়ে ছড়ানো গুজবের জবাব দিয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমার ইনজুরি নিয়ে অনেক মিথ্যা কথা বলা হয়েছে। আমি দুঃখিত ছিলাম না। আমি শুধু কঠোর পরিশ্রম করে আবার এই পর্যায়ে ফিরতে চেয়েছি, যেখানে খেলাটা সবচেয়ে উপভোগ করি।”
১৮ বছর বয়সী ইয়ামাল মৌসুমের শুরুতে গ্রোয়েনের সমস্যার কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা সাতটি ম্যাচ মিস করেছিলেন। তখন গুঞ্জন ওঠে যে, তাকে হয়তো অস্ত্রোপচার করাতে হবে। তবে সেই আশঙ্কা কাটিয়ে তিনি বার্সার শেষ পাঁচ ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন।
বুধবার রাতে বেলজিয়ামের জান ব্রেইডেল স্টেডিয়ামে ব্রুজের বিপক্ষে তিনবার পিছিয়ে থেকেও সমতায় ফেরে বার্সেলোনা। গোলগুলো করেন ফেরান তোরেস, ইয়ামাল এবং ব্রুজের ক্রিস্টোস জোলিসের আত্মঘাতী।
ইয়ামালের গোলটি ছিল দারুণ এক একক প্রচেষ্টা। বক্সের বাইরে থেকে বল পেয়ে তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে ফেরমিন লোপেসের সঙ্গে ওয়ান-টু খেলেন, তারপর নিখুঁতভাবে ফিনিশ করেন। এরপর শেষদিকে তাঁর ক্রস থেকেই জোলিস আত্মঘাতী গোল করে বসেন।
ইয়ামালের গোলকে অনেকে তুলনা টেনেছেন তরুণ লিওনেল মেসির গোলের সঙ্গে। তবে তরুণ স্প্যানিশ উইঙ্গার বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন, “আমি মেসির সঙ্গে নিজের তুলনা করতে পারি না। তিনি এমন হাজারটা গোল করেছেন। আমি আমার নিজের পথেই হাঁটতে চাই, আর আশা করি আরও অনেক গোল করতে পারব।”
গত মাসে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে দর্শকদের বাঁশি খেতে হয়েছিল ইয়ামালকে। বেলজিয়ামেও একই অভিজ্ঞতা হয় তাঁর। তবে তিনি বিষয়টি নিয়ে ভাবিত নন, “আমি মনে করি না এটা কাকতালীয়। যদি তারা আমাকে বাঁশি দেয়, তার মানে আমি মাঠে ভালো কাজ করছি। এতে আমার কিছু আসে যায় না।”
চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার ১১তম স্থানে রয়েছে। লা লিগায় তারা দ্বিতীয়, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে। রোববার সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে দলটি।
