ফেরিওয়ালাকে মারধর, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ফেরিওয়ালাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় খবর সংগ্রহ করতে উপজেলার লতাচাপলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সোলেমানের বাধার মুখে পড়েছেন দৈনিক দেশ রূপান্তর কুয়াকাটা প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী মো. নান্না শেখের বয়স ৬০ বছর, তিনি একজন ফেরিওয়ালা। প্রতিদিনের মতো কাপড়চোপড় বিক্রির উদ্দেশ্যে হোসেনপাড়া এলাকায় গেলে স্থানীয় বেল্লালসহ (২৬) অজ্ঞাত আরও দুই-তিন জন তাকে ডেকে ঘরে বসায়। পরে তাকে কাপড় দেখানোর কথা বলে কৌশলে ঘরে নিয়ে কাপড়ের গাট্টিতে একটি মোবাইল ফোন রেখে ‘চুরির’ অভিযোগে মারধর করে গুরুতর আহত করেন। এসময় তারা নান্না শেখের লুঙ্গির কোচে থাকা নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা আহত নান্না শেখকে তুলাতলি হাসপাতালে নিয়েছে যায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।

এদিকে এ ঘটনার খবর সংগ্রহে গেলে হেনস্তার শিকার হন দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চুসহ অন্যান্য সাংবাদিকদের ওপর চড়াও হন লতাচাপলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সোলেমান। এ সময় সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দিয়ে তিনি বলেন, অভিযুক্তরা আমার আত্মীয়, বিষয়টি আমি দেখছি, আপনারা এখনই চলে যান।

ঢাকা পোস্টের কলাপাড়া প্রতিনিধি এসএম আলমাস বলেন, আমরা তথ্য সংগ্রহ করতে ছিলাম, তখন সোলেমান এসে বিষয়টি সমাধান করার কথা বলেন এবং আমাদের চলে যেতে বলেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা সোলায়মান বলেন, আমি নিজেও সাংবাদিক। ঘটনাস্থলে আসা সংবাদকর্মীদের সঙ্গে আমার কথার কাটাকাটি হয়। এর বেশি কিছু নয়। 

লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সম্পূর্ণ সোলেমানের ব্যক্তিগত আচরণ, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা সমাজের আয়না তাদের নিয়ে এমন আচরণ কাম্য নয়।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ফেরিওয়ালা কে মারধরের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে সংবাদকর্মীদের হেনস্থার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত