মুন্সীগঞ্জে ফয়জুল করীম

বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেদের মধ্যে নিজেরাই খুনাখুনি করছে। যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে, সেই দল যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বিগত সময় দেশের মানুষ বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়েছে। তাদের পরীক্ষা করেছে। তারা বারবার ফেল করেছে। দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। শুধু ১৯৯১ সাল থেকে ৯৫ সাল পর্যন্ত পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিলেন। তার গুণকীর্তনের কারণে ১৯৯১ ও ২০০১ সালে দেশের মানুষ খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছে। কিন্তু থাকতে পারেনি। শেখ সাহেবের গুণকীর্তনের কারণে ১৯৯৬ সালে দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত