রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন-মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী নেতা মাহবুব উল আলম হানিফের শ্যালক কাজী ফয়েজ আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ডিবি-তেজগাঁও বিভাগ তেজগাঁওয়ের মনিপুরিপাড়া থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন খিলগাঁওয়ের নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারীকে আটক করা হয়। এ ছাড়া পশ্চিম আগারগাঁও থেকে মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।
অন্যদিকে, বসুন্ধরা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং ডেমরা থেকে মো. টিপু সুলতানকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগ। লালবাগ থেকে আলিম আল তারিফকে আটক করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
